চাঁদপুরের হাইমচর উপজেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে অর্থকরী ফসল সুপারি। মাত্র ছয়টি ইউনিয়ন ও ১৩৪ বর্গকিলোমিটার আয়তনের এ উপকূলীয় উপজেলায় প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়ে থাকে। কৃষিপ্রধান এ অঞ্চলের ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় ৫২৮ হেক্টরে রয়েছে সুপারির বাগান। মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়ির আঙিনা, ফসলি জমি কিংবা পানের বরজের সীমানায় গড়ে উঠেছে সারি সারি সুপারিগাছ, যা স্থানীয় বাসিন্দাদের কাছে নির্ভরযোগ্য পারিবারিক সম্পদে পরিণত হয়েছে।
সুপারি বিক্রি করে উপজেলার অনেক পরিবার এখন স্বাবলম্বী। কারো জন্য এটি বাড়তি আয়ের মাধ্যম, আবার কারো কাছে সারা বছরের সংসার খরচের মূল অবলম্বন। উপজেলার চরপোড়ামুখী গ্রামের কৃষক শরীফ মিজি জানান, বাড়ির বাগান থেকে উৎপাদিত সুপারি বিক্রি করে তিনি সাধারণত বছরে লাখ টাকার বেশি আয় করেন। তবে চলতি মৌসুমে ফলন কিছুটা কম হওয়ায় প্রায় ৭০ হাজার টাকার সুপারি বিক্রি করতে পেরেছেন। তার মতো বহু চাষির অর্থনৈতিক সচ্ছলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা আবর্তিত হচ্ছে সুপারিকে কেন্দ্র করে।
উপজেলায় সুপারি বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বৃহত্তম পাইকারি আড়ত হাওলাদার বাজার। দীর্ঘ দুই দশক ধরে এ বাজারে সুপারি ব্যবসা করছেন আমির হোসেন পাটওয়ারী। তিনি প্রতি মৌসুমে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার কাঁচা সুপারি সংগ্রহ করেন। আকার অনুযায়ী বাছাইয়ের পর এসব সুপারি বিশেষ প্রক্রিয়ায় পানিতে ভিজিয়ে সংরক্ষণ করা হয়। মৌসুম শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এসব সুপারি, যেখানে হাইমচরের সুপারির বিশেষ কদর রয়েছে। বাজারে বর্তমানে প্রতি ২০ গণ্ডা বা ৮০টি কাঁচা সুপারি ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে এবং শুকনা সুপারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকায়। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী জানান, সুপারি বাণিজ্যের সঙ্গে হাজারো মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে।
ব্যবসায়ীরা জানান, হাইমচরের নিজস্ব উৎপাদনের পাশাপাশি পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকেও প্রচুর সুপারি হাওলাদার বাজারে আসে। প্রবীণ আড়তদার রব হাওলাদারের তথ্যমতে, শুধু এ একক বাজারেই মৌসুমে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার সুপারি লেনদেন হয়। সাধারণত ভাদ্র ও আশ্বিন মাসে সুপারি সংগ্রহ ও কেনাবেচা সবচেয়ে তুঙ্গে থাকে। এ সময় স্থানীয় হাটবাজার ও সড়ক থেকে পাইকাররা কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করে বড় আড়তে নিয়ে আসেন। সেখানে থাকা ১০ থেকে ১৫ জন বড় আড়তদার দেশের নানা প্রান্তের পাইকারদের কাছে তা সরবরাহ করেন। পানিতে ভিজিয়ে রাখার কারণে কাঁচা সুপারি সারা বছর ধরেই দেশের বিভিন্ন খুচরা বাজারে জোগান দেওয়া সম্ভব হয়।
তবে এ সম্ভাবনাময় খাতটি ঘিরে কিছু সংকট ও উদ্বেগের কথাও জানিয়েছেন স্থানীয়রা। গন্ডামারা গ্রামের বাসিন্দা মানিক শিকদার বলেন, সুপারির ভালো ফলন হলেও এলাকায় নতুন চারা রোপণের প্রবণতা হ্রাস পাচ্ছে। অনেকে পুরোনো গাছ কেটে বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করছেন, যা দীর্ঘ মেয়াদে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া বাইরের দেশ থেকে সুপারি আমদানি বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। তাদের মতে, বিদেশি সুপারি বাজারে ঢুকলে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবেন।
এ বিষয়ে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার জানান, সুপারি এ অঞ্চলের অত্যন্ত অর্থকরী ও লাভজনক একটি ফসল। বছরজুড়েই এর উৎপাদন ও বিপণন প্রক্রিয়া সচল থাকে। চলতি বছর কৃষকেরা ভালো দাম পাচ্ছেন এবং তাদের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

