মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির অংশ নেওয়া একটি নতুন ক্রীড়া বাজি ও পূর্বাভাসমূলক বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘নোভিক’-এর এই বিজ্ঞাপনে সুইনিকে স্বল্প পোশাকে কিংবা অনাবৃত অবস্থায় ফুটবল, টেনিস র্যাকেট ও বেসবল ব্যাটের মতো বিভিন্ন খেলার সরঞ্জাম হাতে পোজ দিতে দেখা গেছে। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেললেও, আন্তর্জাতিক স্তরের নারী অ্যাথলেটরা এর তীব্র সমালোচনা করেছেন। অলিম্পিয়ান ও শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের মতে, এই ধরনের বিজ্ঞাপন নারীদের খেলাধুলার সম্মান ক্ষুণ্ণ করছে এবং নারী অ্যাথলেটদের যৌন বস্তু হিসেবে উপস্থাপন করে তাদের অর্জনকে কয়েক ধাপ পিছিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপনটির তীব্র নিন্দা জানিয়ে অস্ট্রেলীয় সারফার ফেলিসিটি পালমাটির জানান, মাত্র ৪২ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মাধ্যমে নারীদের খেলাধুলাকে কতটা পেছনে ঠেলে দেওয়া যায়, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের যৌন আবেদনময় বিষয়বস্তু খেলাধুলায় নতুন আসা তরুণী এবং পেশাদার নারী ক্রীড়াবিদদের মানসিকতার ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। নারীদের বাহ্যিক রূপ নয়, বরং তাদের শারীরিক সক্ষমতা ও দক্ষতার ওপর ভিত্তি করেই মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, অলিম্পিক স্বর্ণজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করে লেখেন, জীবনের দীর্ঘ সময় সাধনা করা প্রতিটি নারী অ্যাথলেটের জন্য এই বিজ্ঞাপনটি অত্যন্ত অপমানজনক। খেলাধুলা কেবল গ্ল্যামার নয়; এটি দলগত প্রচেষ্টা, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতীক।

এই প্রচারণার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আরও কয়েকজন প্রতিষ্ঠিত নারী ক্রীড়াবিদ। অস্ট্রেলীয় সাঁতারু লানি পালিস্টার এবং বিশ্বমানের বক্সার স্কাই নিকলসন বিজ্ঞাপনের জবাবে নিজেদের কঠোর প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ভিডিওচিত্র প্রকাশ করেন। সিডনি সুইনির বিজ্ঞাপনের উল্টো সুর গেয়ে তারা স্পষ্ট বার্তা দেন যে, প্রকৃত খেলাধুলা গ্ল্যামার নয়, বরং ঘাম ও পরিশ্রমে গড়ে ওঠে। বাণিজ্যিক সুবিধা হাসিলের জন্য খেলায় নারীদের যৌনতার প্রতীক হিসেবে তুলে ধরার মানসিকতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নোভিকের এই বিজ্ঞাপনটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যে সামাজিক মাধ্যমে কয়েক কোটি মানুষ দেখে ফেলেছেন, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে।

তীব্র সমালোচনার মুখে পড়ে সিডনি সুইনি পরোক্ষভাবে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি ক্রীড়া সাময়িকী ইএসপিএন-এর ‘বডি ইস্যু’-র কিছু পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে অ্যাথলেটরা নিজেদের শারীরিক সৌন্দর্য তুলে ধরতে পোজ দিতেন। তবে এটিই সুইনির প্রথম বিতর্কিত প্রচারণা নয়। এর আগে আমেরিকান পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আমেরিকান ঈগল’-এর এক বিজ্ঞাপনে অংশ নিয়েও তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, যেখানে তার বলা কিছু সংলাপ বর্ণবাদী ভাবধারাকে উৎসাহিত করে বলে অভিযোগ উঠেছিল।

বিজ্ঞাপন বিতর্ক নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না জানালেও, পরবর্তীতে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান, তার কাজ ঘিরে দর্শকের এমন প্রতিক্রিয়ায় তিনি নিজেই বেশ অবাক হয়েছেন। তবে নিজের অবস্থানের জন্য কোনো ক্ষমা না চেয়ে তিনি স্পষ্ট জানান যে, মানুষ কী ভাববে তা নির্ধারণ করা তার দায়িত্ব নয়। যখন কোনো বিষয়ে তার নিজের থেকে কথা বলার প্রয়োজন মনে হবে, তখন তিনি অবশ্যই মুখ খুলবেন। নোভিকের এই সাম্প্রতিক বিজ্ঞাপনে তার অবস্থান ও ক্রীড়াবিদদের এই প্রতিবাদের ফলে হলিউড ও ক্রীড়া জগতের সম্পর্কের টানাপোড়েন নতুন করে সামনে এলো।