শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ এখনো নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছেন। ভোরের আলো ফুটতেই পানির পাত্র হাতে নিয়ে প্রায় দুই কিলোমিটার দূরের পাহাড়ি জঙ্গলের পথে রওনা হতে হয় ঝিনাইগাতীর বাসিন্দা কানai কোচকে। শুধু তিনিই নন, উপযুক্ত শৌচাগার না থাকায় সীমান্তবর্তী পাহাড়ি জনপদের হাজারো মানুষকে প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার প্রত্যন্ত পাহাড়ি জনপদে স্বাস্থ্যসম্মত শৌচাগারের তীব্র সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারতে হওয়ায় পানির উৎস দূষিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই।
সর্বশেষ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’-এর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, শেরপুরের সীমান্তবর্তী তিনটি উপজেলার সাতটি পাহাড়ি ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা ৪৪ হাজার ৪৭৫টি। এর মধ্যে কেবল ১২ হাজার ৭৬৩টি পরিবারে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে। বাকি ৭১ শতাংশেরও বেশি অর্থাৎ ৩১ হাজার ৭১২টি পরিবার নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। এসব পরিবারের মধ্যে ২৭ হাজার ৮৮টি পরিবার স্ল্যাবযুক্ত কিংবা স্ল্যাববিহীন পিট টয়লেট ব্যবহার করে, ৩ হাজার ৬৩৩টি পরিবার ব্যবহার করে কাঁচা শৌচাগার এবং ৯৯১টি পরিবারের নিজস্ব কোনো শৌচাগারই নেই।
উপজেলাওয়ারী বিশ্লেষণে দেখা যায়, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ২৭টি গ্রামে ৮ হাজার ৫৫০টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে মাত্র ২ হাজার ৯৮৮টিতে। বাকিদের মধ্যে ৪ হাজার ৯৫১টি পরিবার অন্যান্য শৌচাগার, ৩৬৫টি কাঁচা শৌচাগার এবং ২৪৬টি পরিবার সম্পূর্ণ শৌচাগারহীন অবস্থায় রয়েছে। একই উপজেলার সিংগবরুণা ইউনিয়নের ২১টি গ্রামের ৫ হাজার ৮৫৮টি পরিবারের মধ্যে মাত্র ৮২৩টি পরিবারে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন রয়েছে। বিপরীতে ৪ হাজার ২৭১টি পরিবার অন্যান্য, ৬৩৯টি কাঁচা শৌচাগার ব্যবহার করে এবং ১২৫টি পরিবারের কোনো শৌচাগার নেই।
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ১৫টি গ্রামের ৭ হাজার ৫৫৬টি পরিবারের মধ্যে ২ হাজার ৭৪৬টি পরিবার স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধা পাচ্ছে। এখানে ৪ হাজার ২৮৯টি পরিবার অন্যান্য, ৩৫৯টি পরিবার কাঁচা এবং ১৬২টি পরিবার কোনো শৌচাগার ছাড়াই বসবাস করছে। এছাড়া নলকুড়া ইউনিয়নের ২১টি গ্রামের ৭ হাজার ৬০২টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে মাত্র ১ হাজার ৪৩৩টিতে। বিপরীতে ৫ হাজার ৪৫টি পরিবার অন্যান্য, ৯৫৮টি কাঁচা শৌচাগার ব্যবহার করছে এবং ১৬৬টি পরিবারের কোনো শৌচাগার নেই।
নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ১৩টি গ্রামের ৪ হাজার ৭২৭টি পরিবারের মধ্যে ৮৭০টি পরিবারে রয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার। সেখানে ৩ হাজার ৩৮০টি পরিবার অন্যান্য, ৩৮৬টি কাঁচা শৌচাগার ব্যবহার করে এবং ৯১টি পরিবারে কোনো শৌচাগার নেই। নয়াবিল ইউনিয়নের ১৮টি গ্রামের ৫ হাজার ১৬০টি পরিবারের মধ্যে ১ হাজার ৭৪৯টিতে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা রয়েছে। বিপরীতে ২ হাজার ৬৮২টি পরিবার অন্যান্য, ৫৯৮টি কাঁচা শৌচাগার ব্যবহার করে এবং ১৩১টি পরিবারের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। রামচন্দ্রকুড়া ইউনিয়নের ১৩টি গ্রামের ৫ হাজার ২২টি পরিবারের মধ্যে ২ হাজার ১৫৪টি পরিবারে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে। এই ইউনিয়নে ২ হাজার ৪৭০টি পরিবার অন্যান্য, ৩২৮টি কাঁচা শৌচাগার ব্যবহার করে এবং ৭০টি পরিবার সম্পূর্ণ শৌচাগারহীন।
স্থানীয়দের ভাষ্যমতে, ভৌগোলিক প্রতিকূলতা, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও চরম অর্থনৈতিক অসচ্ছলতার কারণে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে মানসম্মত শৌচাগার নির্মাণ করতে পারছেন না। ফলে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। লোকলজ্জার ভয়ে নারীরা দিনের বেলা প্রাকৃতিক প্রয়োজন সারতে পারেন না, আবার রাতের আঁধারে বুনো প্রাণীর ভয় উপেক্ষা করে পাহাড়ি জঙ্গলে যেতে হয়। এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে পাহাড়ি ঝরনা ও প্রাকৃতিক জলাশয়ের পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে।

