দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে প্রত্যেক নাগরিকের স্বাধীন মতপ্রকাশ ও মুক্ত চিন্তার অধিকার অক্ষুণ্ণ রাখার জোর দাবি উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় নিবর্তনমূলক আইনে নাগরিকদের আটক করা বন্ধ এবং সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে দমনমূলক ধারাগুলো বাতিলের আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশ ও বাকস্বাধীনতা ব্যবস্থার সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব সুপারিশ তুলে ধরেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশ ও বাক্স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় নিপীড়ন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কেবল নিজস্ব মতামতের কারণে অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারবর্গ, মন্ত্রী, সংসদ সদস্য কিংবা ক্ষমতাসীন সরকারের সমালোচনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মতো নিবর্তনমূলক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মতপ্রকাশের কারণে আরও অনেকের বিরুদ্ধেই মামলার অভিযোগ রয়েছে।
অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনার পাঠ করা মূল প্রবন্ধে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের নানা অসঙ্গতি তুলে ধরা হয়। এতে বলা হয়, খসড়া আইনে হ্যাকিং, ক্ষতিকর ম্যালওয়্যার কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলার মতো অপরাধ প্রতিরোধে দৃশ্যমান কোনো পরিবর্তন আনা হয়নি। বরং সাধারণ মানুষ অনলাইনে কী লিখবেন, কী শেয়ার করবেন এবং সরকার কোন বক্তব্য মুছে দিতে পারবে—সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে ‘গুজব’, ‘অপতথ্য’ কিংবা ‘মানহানিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে, যা স্বাধীন মত ও গঠনমূলক বিতর্কের পরিসরকে সংকুচিত করবে। বক্তারা মনে করেন, এটি সাইবার সুরক্ষার চেয়ে বরং নাগরিকের কণ্ঠরোধ ও ডিজিটাল নজরদারির ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেবে।
অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ইংরেজি দৈনিক নিউ এজের উপসম্পাদক শহীদুজ্জামান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, সাইবার আইনে প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার একটি সাব-কমিটি কাজ করছে। কমিটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং সংশ্লিষ্টদের লিখিত সুপারিশ আহ্বান করেছে। তিনি জানান, ১৫টি সংগঠনের সুচিন্তিত প্রস্তাবনার ওপর ভিত্তি করে সাব-কমিটি বেশ কিছু ইতিবাচক সুপারিশ গ্রহণ করেছে এবং তা জনসাধারণের পর্যালোচনার জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন আইনটি যেন কোনোভাবেই মানুষের মুক্ত মতপ্রকাশে বাধা না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

