ব্যাংকিং কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সংযোজন আধুনিক আর্থিক সেবায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। লেনদেন পর্যবেক্ষণ, জালিয়াতি প্রতিরোধ, গ্রাহকের আচরণ বিশ্লেষণ, স্বয়ংক্রিয় ঋণ মূল্যায়ন এবং অর্থ পাচার রোধে এআই প্রযুক্তির ব্যবহার কার্যক্রমকে অত্যন্ত গতিশীল করছে। তবে এই সম্ভাবনার পাশাপাশি অনিরাপদ প্রযুক্তিগত প্রয়োগ নিয়ে ব্যাংকিং খাতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। কার্যক্রমে গ্রাহকের ব্যক্তিগত ও সংবেদনশীল আর্থিক তথ্য ব্যবহৃত হওয়ায় ডেটা ফাঁস ও গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

দেশের ব্যাংকিং খাতে এআই ব্যবহারের প্রযুক্তিগত প্রস্তুতি এবং কাঠামোগত সুরক্ষার বড় ধরনের ঘাটতি রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই; মাত্র ৪০ শতাংশ ব্যাংক এ বিষয়ে প্রাথমিক নীতিমালা প্রণয়ন করতে পেরেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেয়েও তথ্যের নিরাপত্তা, দক্ষ জনবলের ঘাটতি পূরণ এবং প্রযুক্তির জবাবদিহিতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। এ বিষয়ে ব্র্যাক ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এবং অর্থ ও নিরীক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, এআই এমন একটি প্রযুক্তি যা কারও অনুমতির জন্য অপেক্ষা না করে সিস্টেমের মধ্যে নিজে থেকেই প্রবেশ করে। ফলে সুযোগের সঙ্গে সমানতালে ঝুঁকিও বাড়ছে। তাই পুরো ব্যাংকিং খাতকে সুরক্ষিত রাখতে প্রযুক্তির নিরাপত্তায় বড় পরিসরে বিনিয়োগ করতে হবে।

আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ আকতার উদ্দীন আহমেদ জানিয়েছেন, ব্যাংকিং খাতের তথ্য অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর। এ কারণে প্রাতিষ্ঠানিক কোনো কাজ বা গোপন নথি যাতে কোনোভাবেই উন্মুক্ত বা ওপেন সোর্স এআই প্ল্যাটফর্মে শেয়ার করা না হয়, সে বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ডেটা সুরক্ষায় অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর জোর দেওয়ার পাশাপাশি খুব শিগগিরই ব্যাংককর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

গ্রাহকের তথ্যের সুরক্ষা ছাড়াও সাইবার অপরাধীদের উন্নত প্রযুক্তি ব্যবহারের ঝুঁকিও দিন দিন বাড়ছে। প্রতারক চক্র এখন ডিপফেক ভিডিও, কৃত্রিম কণ্ঠস্বর এবং ভুয়া পরিচয়ের মাধ্যমে বিশ্বাসযোগ্য ফাঁদ তৈরি করে আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে। এর পাশাপাশি স্বয়ংক্রিয় ঋণ মূল্যায়নে অ্যালগরিদমের পক্ষপাত বা ভুল তথ্যের ঝুঁকি থেকে যায়। ফলে ঋণ অনুমোদনের সিদ্ধান্ত পুরোপুরি প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া বিপজ্জনক হতে পারে। আবার অর্থ পাচার রোধে এআই বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারলেও অনেক সময় সাধারণ লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে কিংবা সম্পূর্ণ নতুন কৌশলে পাচার হওয়া অর্থ শনাক্ত করতে ব্যর্থ হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা পরীক্ষা এবং কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।