উচ্চশিক্ষা সমাপ্ত করে কর্মজীবনে প্রবেশের বহু বছর পেরিয়ে গেলেও মিলছে না সমাবর্তনের দেখা। দেশের সরকারি কিংবা বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই যথাসময়ে সমাবর্তন না হওয়া এক প্রকার নিয়মে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম শেষ করলেও মূল সনদ প্রাপ্তি তাঁদের কাছে অধরাই থেকে যাচ্ছে। বছরের পর বছর সমাবর্তন আয়োজনে গড়িমসির ফলে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং পেশাগত ক্ষেত্রে নানা প্রতিকূলতা ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্র্যাজুয়েটদের। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকেও নিয়মিত সমাবর্তন আয়োজনে কঠোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

তথ্য অনুযায়ী, দেশের অনুমোদিত ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত ১৫টিতে এখন পর্যন্ত কোনো সমাবর্তনই হয়নি। প্রতিষ্ঠার দেড় যুগ পার হতে চললেও উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কোনো সমাবর্তন আয়োজন করা সম্ভব হয়নি। প্রায় একই পরিস্থিতি বিরাজ করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। এ তালিকায় আরও রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে পাবনাসহ কয়েকটি প্রতিষ্ঠানে সমাবর্তন আয়োজনের প্রাথমিক কার্যক্রম চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তিনটির বেশি সমাবর্তন করেছে। এর মধ্যে আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৪তম সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩৪ বছরে দ্বিতীয়বারের মতো আগামী জানুয়ারিতে সমাবর্তন করতে যাচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র আরও বেশি হতাশাজনক। অনুমোদিত ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১০৭টিতে শিক্ষা কার্যক্রম চলছে, যার মধ্যে ২৩টি প্রতিষ্ঠান কখনোই সমাবর্তন করেনি। যেমন ২০০২ সালে অনুমোদন পাওয়া বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২৪ বছর পার করলেও একটিও সমাবর্তন করতে পারেনি। এছাড়া ঢাকার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি, সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়, চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়, ফরিদপুরের টাইমস্ ইউনিভার্সিটি, নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, জামালপুরের ব্রক্ষপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাদিরাবাদ), কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (খুলনা), ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (চট্টগ্রাম), রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি, ট্রাস্ট ইউনিভার্সিটি (বরিশাল), ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আজ পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে দীর্ঘ সময়ে সেন্ট্রাল উইমেন্স, দি পিপল’স, মানারাত, সিলেট ইন্টারন্যাশনাল, প্রিমিয়ার, প্রাইম, সাউদার্ন, শান্তা-মরিয়াম, দ্য মিলেনিয়াম, মেট্রোপলিটন, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, প্রেসিডেন্সি, ইউআইটিএস, প্রাইম এশিয়া, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো মাত্র এক থেকে তিনটি সমাবর্তন করতে পেরেছে। ব্যতিক্রম হিসেবে কেবল নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ২৬টি করে সমাবর্তন আয়োজন করেছে।

নিয়মানুযায়ী, সমাবর্তন ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো মূল সনদপত্র বিতরণ করতে পারে না। ফলে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত সাময়িক বা প্রভিশনাল সনদ দেওয়া হয়, যেখানে উপাচার্যের স্বাক্ষর থাকে না। এই সাময়িক সনদের কারণে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার আবেদন করতে গিয়ে জটিলতায় পড়েন এবং দেশের বহু নিয়োগকারী প্রতিষ্ঠানও এটি গ্রহণ করতে অনীহা দেখায়। ইউজিসি সূত্র জানায়, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লাখ ২৫ হাজার এবং পাঠদান চালু থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪ জন। বেসরকারি পর্যায়ে সমাবর্তন করতে রাষ্ট্রপতির নিয়োগকৃত উপাচার্য, আইনসিদ্ধ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠনসহ বেশ কিছু শর্ত পূরণ করে চ্যান্সেলরের অনুমতি নিতে হয়। বর্তমানে আহসানউল্লাহ, সাউথইস্ট, উত্তরা, বিইউবিটি, পোর্ট সিটি ও কক্সবাজার ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজনের প্রক্রিয়া চলছে।

অনিয়মিত সমাবর্তনের বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন জানান, বিগত সরকারের সময়ে অপরিকল্পিতভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। ফলে অনেক প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক এমনকি উপাচার্যও নেই, আবার সরকারিগুলোতেও পরিকল্পনার ঘাটতি ছিল। তবে জানুয়ারিতে ঢাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়মিত সমাবর্তন আয়োজনের ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এদিকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উল্লেখ করেন, সমাবর্তন কোনো বাড়তি আয়োজন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রমেরই একটি অপরিহার্য অংশ।