বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঘিরে গড়ে উঠেছে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার শক্তিশালী বলয়। প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আজিজুল হকসহ কয়েকজন কর্মকর্তা ও চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটি পরিদর্শনে গিয়েও সার্বিক অব্যবস্থাপনার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শনের সময় নিজ কক্ষে একজন চিকিৎসককে ধূমপানরত অবস্থায় দেখতে পান তিনি।

দুদকে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, শিশু হাসপাতালে নিয়োগ ও পদোন্নতিতে বিধিমালার চরম লঙ্ঘন, জ্যেষ্ঠ চিকিৎসকদের বঞ্চিত করে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান এবং চিকিৎসা নিতে আসা শিশুদের অন্য বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে কমিশন বাণিজ্যের মতো নজিরবিহীন ঘটনা ঘটছে। একটি প্রভাবশালী চক্র প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় সাধারণ কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসক মহলে মারাত্মক অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

প্রচলিত আইন ও নীতিমালার তোয়াক্কা না করার অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে। আইন অনুযায়ী জাতীয়ভাবে সুনাম অর্জনকারী জ্যেষ্ঠ অধ্যাপককে বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার কথা। অতীতে জাতীয় অধ্যাপক শাহলা খাতুন বা অধ্যাপক শহিদুল্লার মতো প্রখ্যাত চিকিৎসকরা এ পদে দায়িত্ব পালন করেছেন। অথচ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন বোর্ড গঠনের পর থেকে যোগ্যতা ও ডিগ্রির শর্ত শিথিল করে একাধিক নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। ২০১১ সালে চাকরি ছেড়ে দেওয়া এক সাবেক মেডিকেল অফিসারকে পরবর্তীতে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া কোনো ধরনের স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও এক চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে বোর্ডের সদস্য বানানো হয়েছে।

নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনের গুরুতর তথ্য পাওয়া গেছে। ২০২৬ সালের অক্টোবরে চিকিৎসক, আয়া ও ওয়ার্ড বয়সহ ১০০ জন জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বয়সসীমা ভেঙে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে সহকারী পরিচালক (উন্নয়ন) পদে নিয়োগ দিতে ২০ লাখ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম ডিঙিয়ে সাবেক এক কনসালট্যান্টকে নিয়মবহির্ভূতভাবে উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মোটা অঙ্কের বেতন ভাতা দেওয়া হচ্ছে।

হাসপাতালটির সবচেয়ে সংবেদনশীল অনিয়ম হিসেবে চিহ্নিত হয়েছে রোগী ভাগানোর সিন্ডিকেট। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন শিশু রোগীকে শয্যা খালি নেই এমন অজুহাত দেখিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এর নেপথ্যে চিকিৎসক, ওয়ার্ড মাস্টার ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি চক্র মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিচ্ছে। একইসঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের ব্যক্তিগত কক্ষের বিলাসবহুল আসবাব, আপ্যায়ন খরচ এবং প্রাতিষ্ঠানিক গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।