আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের ক্ষমতাধর নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত চীন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পকে নিয়ে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পারমাণবিক শক্তিধর এই তিন শীর্ষ দেশের নেতাদের এমন বৈঠক ইতিহাসে এবারই প্রথম। তবে সম্মেলনের কূটনীতির চেয়েও বেশি নজর কাড়ছে বৈঠকের জন্য বেছে নেওয়া শহরটি—শেনঝেন। মার্কিন নিষেধাজ্ঞা ও বাণিজ্যসংঘাতের মুখে চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতা ও উত্থানের প্রতীক হিসেবেই শহরটিকে বিশ্বমঞ্চে তুলে ধরছে বেইজিং।

একসময় সস্তা ইলেকট্রনিক্স ও নকল পণ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ১ কোটি ৮০ লাখ মানুষের মহানগর শেনঝেন আজ বৈশ্বিক প্রযুক্তির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের দফায় দফায় নিষেধাজ্ঞা ও কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও বিশ্বের নজর কেড়েছে এখানকার প্রযুক্তি জায়ান্টরা। এদের মধ্যে রয়েছে হার্ডওয়্যার নির্মাতা হুয়াওয়ে, শীর্ষ ড্রোন প্রস্তুতকারক ডিজেআই এবং ইলন মাস্কের টেসলাকে পেছনে ফেলে দেওয়া বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি। এসব দেশীয় উচ্চপ্রযুক্তির পণ্যের ওপর ভর করেই চলতি বছর চীনের রপ্তানি বাণিজ্য পৌঁছেছে রেকর্ড এক ট্রিলিয়ন ডলারের উদ্বৃত্তে। সম্মেলন উপলক্ষে শহরটিতে পা রাখা অতিথিরাও আধুনিক প্রযুক্তির অভাবনীয় রূপ দেখতে পাচ্ছেন; যেখানে রাজপথে চলছে নিজস্ব প্রযুক্তির স্বয়ংক্রিয় ট্যাক্সি ও বৈদ্যুতিক যানবাহন, রোবট পরিবেশন করছে কফি আর ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র প্রযুক্তি প্রতিযোগিতার মুহূর্তে বেইজিংয়ের এই আত্মবিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট বার্তা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা এনভিডিয়াকে কেন্দ্র করে ওয়াশিংটনে চীনবিরোধী সুর আরও চড়া হয়েছে। বেইজিংয়ের কাছে আধুনিক সেমিকন্ডাক্টর পৌঁছানোর সব পথ বন্ধ করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়, যাকে ‘রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার’ ও ‘অযৌক্তিক দমননীতি’ বলে অভিহিত করেছে চীন। এমন প্রেক্ষাপটেই এপেক সম্মেলনের মঞ্চ থেকে শি জিনপিং একতরফাবাদ ও সংরক্ষণবাদ পরিহার করে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা উন্মুক্ত রাখার আহ্বান জানান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘বৈশ্বিক জনকল্যাণ’ হিসেবে দেখার ডাক দিয়ে প্রকারান্তরে ওয়াশিংটনের চীনবিরোধী ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

সম্মেলনের মূল আলোচনার বাইরেও কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শি-ট্রাম্প-পুতিনের সম্ভাব্য বৈঠক। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ত্রিপক্ষীয় বৈঠকে শি জিনপিং তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের পর ক্ষমতার শেষ মেয়াদে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে অর্থনৈতিক সংকটে দিন পার করছেন পুতিন। এর বিপরীতে, আগামী শরতে কমিউনিস্ট পার্টির সম্মেলনে শি জিনপিং নিজের চতুর্থ মেয়াদের ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছেন। এই বৈঠক থেকে হয়তো তাৎক্ষণিক কোনো বড় সমঝোতা আসবে না, তবে মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রযুক্তি পরাশক্তি হিসেবে চীনের আত্মপ্রকাশের পটভূমিতে শি জিনপিংয়ের এই ভূ-রাজনৈতিক চাল বৈশ্বিক রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে।