গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে দারিদ্রতার কারণে মেধাবী ও অদম্য শিক্ষার্থী সুচন্দন মালাকারের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। তিনি রাজশাহী কলেজে পড়েন। বিজ্ঞানের ছাত্র সুচন্দন বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে চান। কিন্তু তার ব্যয়ভার বহন করতে পারছেনা দরিদ্র পিতা-মাতা।
নিম্ন আয়ের সংসারে থেকেও সুচন্দন এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন (প্রাপ্ত নম্বর ১১৭৭) এবং এসএসসিতে জিপিএ গোল্ডেন পেয়ে ২০২৪ সালে উপজেলায় প্রথম স্থান অর্জন করেন (প্রাপ্ত নম্বর ছিল ১২৫৮)। কিন্তু ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় রাজশাহীতেই তার পড়াশোনা করা সম্ভব হচ্ছেনা। সুচন্দন পৌর সদরের উত্তর নারীবাড়ি মহল্লার উত্তম মালাকারের ছেলে।
জানা যায়, মামার দান করা ৩ শতক জায়গার ওপর বসবাস করেন উত্তমের পরিবার। সংসারের খরচ মিটিয়ে দুই ছেলের পড়ালেখার খরচ জোগাতে গিয়ে ঘরের ঢেউটিনের চালা ও বেড়া সংস্কার করতে পারেননি উত্তম মালাকার। তার ছোট ছেলে সুজয় মালাকার গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। ক্লাসের রোল নম্বর ১। সেও উচ্চতর ডিগ্রী অর্জনের আশায় নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়।
সুচন্দনের বাবা উত্তম মালাকার জানান- ইটভাটায় সামান্য বেতনে হিসাব সামলানোর চাকরি করেন তিনি। যা আয় হয় তাতে সংসার চালানো দায়। সুচন্দনের বুয়েটে চান্স পাওয়ার সম্ভাবনা থাকলেও পড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা।
মা সূচনা মালাকার বলেন- সংসারের লাজুক পরিস্থিতির কারণে ইয়াকুব আলী মডেল একাডেমিতে মাত্র দুই হাজার টাকা বেতনের চাকরি করেন। তাতেও সুচন্দনের লেখাপড়ার খরচ হয় না। অনেক সাধ ও শখ জলাঞ্জলি দিয়ে ছেলে দুটোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু দারিদ্রতার কারণে পেরে উঠছিনা।
প্রতিবেশী মুদি ব্যবসায়ী মো. কামরুজ্জামান, ফারুক হোসেন জানান, মেধাবী সুচন্দন ও সুজয় দুইভাই খুবই ভদ্র-শান্তশিষ্ট। বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে ওদের খরচ বহন করতে পারছে না পরিবার। এ নিয়ে তাদের অভাবক্লিষ্ট পিতামাতা দুশ্চিন্তায় ভুগছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার বলেন- ‘তাদের পড়াশোনা বন্ধ হবে না। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে মেধাবী দুইভাইকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।’

