আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কমিটি গঠন নিয়ে কোন্দল কিংবা ক্ষমতার বলয় তৈরি করার মতো যেকোনো অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য কিংবা অপকর্মের বিষয়ে বিএনপি হাইকমান্ড সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত দিনে যত ত্যাগী নেতাই হন না কেন বা যত মামলা-হামলার শিকারই হয়ে থাকুন না কেন, অপকর্ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কারও প্রতি অনুকম্পা দেখানো হবে না। দলের নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, অনিয়ম কিংবা দুর্নীতির বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি রাখছেন। তথ্যানুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় আড়াই হাজার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুই শতাধিক পদ স্থগিতসহ বেশ কয়েকজনের পদাবনতি ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনকি বিতর্কিত মন্তব্যের দায়ে সম্প্রতি দলের দুজন সহ-সভাপতিকে লিখিত সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক রুদ্ধদ্বার ভার্চুয়াল বৈঠকে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে জানান, আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য হতে হবে। বিএনপি ক্ষমতায় আসছে—এমন কোনো আত্মতুষ্টিতে না ভুগে দলকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে। তিনি জানান, তাদের লক্ষ্য ৩১ দফা বাস্তবায়ন করা। বিএনপি ক্ষমতায় আসলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলার জিডিপিতে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে কাজ করতে হবে। সেই সঙ্গে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের যুদ্ধাপরাধ, দুর্নীতি, অর্থ পাচার, গুম, খুন ও ভোট কারচুপির সঠিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় শৃঙ্খলা রক্ষায় সাম্প্রতিককালে বেশ কিছু কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হাইকমান্ডের নির্দেশে দুই নেতাকে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যদিকে নরসিংদীর পলাশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক ও ছাত্রদলের মধ্যে শোডাউন নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ একাধিক নেতাকর্মী আহত হন। এ ধরনের যেকোনো ঘটনা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশৃঙ্খলাকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশনা রয়েছে।

দলের বর্তমান নীতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্পষ্ট জানিয়েছেন, গুটিকয়েক দুষ্কৃতকারীর অন্যায়ের দায়ভার পুরো দল নেবে না। বিএনপি জনগণের কল্যাণে কাজ করে, কোনো দখলদারি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। একইভাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচএম সাইফ আলী খান জানান, দেশের যেকোনো প্রান্ত থেকে লিখিত বা মৌখিক অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে পদ স্থগিত বা বহিস্কারের আদেশ জারি করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কঠোর নির্দেশনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।