একসময় টেলিভিশনের ‘স্বর্ণযুগ’ বলতে বোঝানো হতো প্রভাবশালী, ক্ষমতাধর কিংবা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়া পুরুষ চরিত্রগুলোকে। কিন্তু এবারের এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় সেই চিরাচরিত ধারায় বড় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। প্রতিযোগিতার শীর্ষে থাকা ড্রামা ও কমেডি সিরিজগুলোতে এখন আর কোনো পরাক্রমশালী বা কূটচালী নায়কের দাপট নেই; বরং স্থান পেয়েছে অনিশ্চিত সময়ের মুখে দাঁড়িয়ে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাওয়া সাধারণ মানুষের গল্প। প্রতিকূল ও অস্থির বিশ্ব পরিস্থিতিতে সৎ উদ্দেশ্য নিয়ে টিকে থাকার এই প্রাণপণ চেষ্টাই জয় করে নিয়েছে দর্শক ও সমালোচকদের মন।

এবারের এমি তালিকায় স্থান পাওয়া সিরিজগুলোতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা সামাজিক ও অর্থনৈতিক সংকটের বাস্তব প্রতিফলন দেখা গেছে। উদাহরণস্বরূপ, ‘দ্য পিট’ সিরিজে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোগত নানা জটিলতার মধ্যেও জরুরি বিভাগের চিকিৎসকদের রোগীদের জীবন বাঁচানোর নিরন্তর সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে, চরম অর্থাভাবে ধুঁকতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকিত করার লড়াই দেখা গেছে ‘অ্যাবট এলিমেন্টারি’-র শিক্ষকদের চরিত্রে। এ ছাড়া ‘প্লাুরিবাস’, ‘প্যারাডাইস’ কিংবা ‘মারগোস গট মানি ট্রাবলস’-এর মতো সিরিজগুলোতেও সাধারণ মানুষকে সামাজিক ধস ও অর্থনৈতিক সংকটের সাথে মানিয়ে নিতে কঠোর বাস্তবতার মুখোমুখি হতে দেখা যায়। সমসাময়িক জনপ্রিয় ‘দ্য বিয়ার’ ও ‘বিফ’-এর মতো কাজগুলোকেও পর্যালোচকেরা একটি ভঙ্গুর সমাজের প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দিচ্ছেন।

পেশাদার মাধ্যম বিশ্লেষকদের মতে, পুরনো প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যবস্থাগুলো ভেঙে পড়ায় বিশ্বজুড়ে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে, নাটক বা সিরিজগুলো তারই দর্পণ। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাব, বেকারত্ব এবং মূল্যস্ফীতির চাপ চিত্রনাট্যে গভীরভাবে রেখাপাত করেছে। ‘হ্যাকস’ বা ‘দ্য পিট’-এর মতো সিরিজে প্রযুক্তির এই পরিবর্তনের সাথে বিভিন্ন পেশার মানুষের মানিয়ে নেওয়ার টানাপোড়েন উঠে এসেছে। টেলিভিশন বিশ্লেষকদের মতে, গত প্রজন্মের গড়ে তোলা ব্যবস্থাগুলো এখন আর কাজ করছে না, ফলে দৈনন্দিন জীবন পরিচালনায় সাধারণ মানুষকে নতুন সব উপায়ের ওপর নির্ভর করতে হচ্ছে।

গত দেড়-দুই দশকে নির্মিত ‘ব্রেকিং ব্যাড’, ‘দ্য সোপ্রানোস’ কিংবা ‘সাকসেশন’-এর মতো আলোচিত সিরিজে দেখানো হয়েছিল ক্ষমতার লোভ ও সুবিধাবাদী মানসিকতার চরম বিস্তার। এ বিষয়ে বিশ্লেষকদের অভিমত, ওই ধরনের চরিত্রগুলো আধুনিক বিশ্বের সামাজিক সংকটেরই আগাম পূর্বাভাস দিয়েছিল। তবে বর্তমান যুগের দর্শকেরা অতিরিক্ত মারমুখী বা রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের গল্প থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন আর অতিরিক্ত অবাস্তব ইতিবাচকতা নয়, বরং নিজেদের জীবনের কষ্টগুলোর বাস্তব প্রতিফলন কিংবা কঠিন পরিস্থিতিতে ভালো কিছু করার চেষ্টার গল্পই পর্দায় দেখতে পছন্দ করছেন দর্শক।

সংকটময় সময়ে ‘দ্য পিট’ বা ‘স্লো হর্সেস’-এর মতো সিরিজগুলো দর্শকদের এক ধরনের মানসিক স্বস্তি দিচ্ছে। এতে দেখানো চরিত্রগুলো হয়তো বিশ্বজয়ী কোনো বীর নয়, তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজের দায়িত্বটুকু সততার সাথে পালন করতে তারা সচেষ্ট। চারপাশের অনিশ্চয়তা ও জটিলতার ভিড়ে ইতিবাচক মানবিক গুণাবলীকে টিকিয়ে রাখার এই নিরন্তর গল্পগুলোই এখন ছোটপর্দার বিনোদনে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে।