সরকারি গেজেট অনুযায়ী সব ধরনের ছুটি কার্যকর করা, সাপ্তাহিক দুই দিনের ছুটি নিশ্চিত অথবা তার বদলে ওভারটাইম প্রদান এবং কর্মঘণ্টা পুনর্নির্ধারণসহ ১২ দফা দাবিতে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীরা। সংশ্লিষ্টদের মতে, ব্রিটিশ আমলের শতাব্দীপ্রাচীন আইন ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া এই বৈষম্যের অবসান না হলে রেলওয়ের স্বাভাবিক পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের সংকটের ঝুঁকি রয়েছে।

মাঠপর্যায়ের কর্মচারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অন্যান্য সরকারি দপ্তরের মতো প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টা মধ্যাহ্নবিরতিসহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা করা। একই সঙ্গে সরকারি সব গেজেটেড ছুটি ও সাপ্তাহিক দুই দিনের ছুটি নিশ্চিত করা অথবা ছুটির দিনে কাজ করালে যথাযথ ওভারটাইম ভাতার ব্যবস্থা করা। বর্তমানে রেলের ট্র্যাক নির্মাণ ও লাইন রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা এসব সুযোগ-সুবিধা থেকে প্রায় পুরোপুরি বঞ্চিত। এমনকি ঈদ, পূজা কিংবা জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ উৎসবগুলোতেও তারা পরিবারের কাছে যেতে পারেন না। দীর্ঘদিন ধরে চলা এই নিয়মের ফলে কর্মীদের মধ্যে তীব্র হতাশা তৈরি হচ্ছে, যা নিরাপদ ট্রেন চলাচলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই অচলাবস্থার সূত্রপাত হয় ২০২৪ সালের ২৫ আগস্ট, যখন মাঠপর্যায়ের কর্মচারীরা ১২ দফা দাবি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় স্পষ্ট মতামতের নির্দেশ দিলে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করে। পরিস্থিতি পর্যালোচনায় রেলওয়ের পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ মহিউদ্দিন আরিফকে আহ্বায়ক করে প্রথমে একটি কমিটি গঠিত হয়। পরবর্তীতে আইনি ও আর্থিক দিকগুলো খতিয়ে দেখতে অর্থ, প্রকৌশল, পার্সোনেল এবং সংস্থাপন শাখার শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

কমিটির পর্যালোচনায় উঠে এসেছে, রেলকর্মীদের কাজের সময় ও ওভারটাইম মূলত ১৮৯০ সালের রেলওয়ে আইন এবং ১৯৩১ সালের পুরনো বিধিবিধানের জালে আটকে রয়েছে। ব্রিটিশ আমলের ওই আইনে কর্মীদের সপ্তাহে সর্বোচ্চ ৪৮ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত কাজ করানোর সুযোগ রাখা হয়েছিল। অথচ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতি এবং প্রতিবেশী দেশগুলোর আধুনিক রেল বিধিমালার নিয়মানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজকে মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাড়তি পারিশ্রমিক পাওয়ার বিষয়টিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার।

কর্মঘণ্টা নিয়ে পর্যালোচনায় দেখা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করালে দুপুরে অতিরিক্ত গরমের কারণে কর্মীরা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন এবং ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বেশি থাকায় ট্র্যাক ব্লকের সমস্যা দেখা দেয়। এর বদলে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সার্বিক দিক বিবেচনা করে রেলের কমিটি দৈনিক ৮ ঘণ্টা কাজ নির্ধারণ, ছুটির দিনে কাজের বিনিময়ে ওভারটাইম চালু এবং আইনে প্রয়োজনীয় সংশোধন এনে কর্মীদের খাবারের বিরতি নিশ্চিত করার সুনির্দিষ্ট সুপারিশ জানিয়েছে।