গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

পাঁচমাস আগে কার্যাদেশ দেওয়া হলেও গুরুদাসপুরের বাণিজ্যনগরী চাঁচকৈড় থেকে পার্শ্ববর্তী তাড়াশের কুন্দইল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরুই হয়নি। প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যয় বরাদ্দেও সময়মতো সংস্কার কাজ বাস্তবায়ন করেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। খানাখন্দে ভরা সড়কের দুইপাশ ভেঙে দেবে যাওয়ায় কৃষকের ফসল আনা নেওয়াসহ যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন দুই উপজেলার মানুষ। 

সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় থেকে বিলসা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এবং বিলসা থেকে কুন্দইল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে বছরজুড়েই যানবাহন চলাচল করে থাকে। চলনবিল অধ্যুষিত হওয়ায় সড়কটি ঘিরে দুই উপজেলার মানুষের যোগাযোগে সেতুবন্ধন সৃষ্টি হয়। বর্ষায় দুইমাস বিলসা-কুন্দইল ডুবো সড়কে নৌকায় যাতায়াত চললেও অনেক আগেই সড়কটি জেগে উঠেছে। কিন্তু কার্পেটিং উঠে খানাখন্দে ভরা ওই সড়ক ভেঙে পাশের ডোবায় ধসে গেছে। ঢালাই ভেঙে ভেতরের রড বের হয়ে গেছে। দুই পাশ দেবে গিয়ে মাঝে উঁচু হয়ে উঠেছে। খানাখন্দের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার মানুষ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চাঁচকৈড় আমজাদ শেখ স্মৃতিগেট থেকে বিলশা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক ও বিলশা থেকে কুন্দইল পযন্ত ৩ কিলোমিটার আরসিসি সড়ক ১৬ ফিটের স্থলে ১৮ ফিট প্রস্থ করে সংস্কারের জন্য টেন্ডার আহবায়ন করা হয়। এজন্য ১৮ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৯০৮ টাকা ব্যয় বরাদ্দ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ অগ্রাধীকার প্রকল্পের আওতায় তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেন। নাটোরের ঠিকাদার আসাদুজ্জামান হীরা সাবঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করবেন।

স্থানীয় কৃষক ও বাসিন্দা নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আজমল হোসেন, বুলবুল আহমেদসহ অনেকে বলেন, ভরা বর্ষায় বিলশা ও কুন্দইল এলাকা পর্যটকদের আনাগনায় মূখরিত থাকে। কিন্তু বেহাল সড়কটির কারণে পর্যটকসহ দুই উপজেলার মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। জমির ফসল ঘরে তোলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় জমির ধান, পাট, গম, সরিষা ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। নির্মানের পর বিলসা থেকে কুন্দইল সড়কটি সংস্কার হয়নি। চাঁচকৈড়-বিলসা সড়কটিও অভিভাবকহীন হয়ে পড়েছে।

বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীরা বলেন, সড়কটি দূরাবস্থার কারণে অনেক সময় যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে চলতে হয়। তবে মুমুর্ষ রোগীকে নিয়ে চলাচলনে বিপত্তিতে পড়তে হয়। দীর্ঘ বছর ধরে কষ্ট ভোগান্তি সয়ে চলাচল করলেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছেনা। বিকল্প সড়ক না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। এখন চাষাবাদের সময় জনদূর্ভোগের পাশাপাশি যানবাহনের ক্ষতিও বাড়ছে। এই দূর্ভোগ থেকে পরিত্রাণ চান এলাকার মানুষ।

উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া জানান, সংস্কার কাজ দ্রুত শেষ করতে ২ জুন কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হচ্ছে। আগামী বছরের ২০ সেপ্টেম্বর কাজ শেষ করার কথা রয়েছে।

এ প্রসঙ্গে নাটোরের ঠিকাদার আসাদুজ্জামান হীরা বলেন, বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজ সড়কটির কাজ পেয়েছিলেন। কাজটি কিনে নিলেও বর্ষার কারণে সড়কটি সংস্কার করা যায়নি। অল্প কিছুদিনের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান তিনি।