গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নাটোরের গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

বৃহস্পতিবার দুপুরে খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আউয়াল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান।

সমাবেশের আগে জেলা প্রশাসক খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ল্যাঙ্গুয়েজ ক্লাব পরিদর্শন করেন। পরে তিনি পৌরসভা পরিদর্শন করেন।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।