গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় খুবজীপুর ইউনিয়ন ও গুরুদাসপুর পৌরসভা দল অংশ নেয়। খেলায় খুবজীপুর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় গুরুদাসপুর পৌরসভা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁচকৈড় সাহেদা কাশেম পৌর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা, শহীদ মবিদুল ইসলাম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী এবং বিয়াঘাট উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকরা সার্বিক সহযোগিতা করেন।