বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রহমত আলী, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশে ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তি প্রদান-২০২৫, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ‘তোমাদের সাফল্যে আমরা গর্বিত’ স্লোগানকে সামনে রেখে ‘শিশু মনে স্বপ্ন বুনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়াকুব আলী মডেল একাডেমির অধ্যক্ষ মো. রুহুল করিম আব্বাসী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের সচিব মো. ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ইসরাত জাহান রাঙ্গা, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ, সজল মাহমুদ ও সাংবাদিক রহমত আলী।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ইলিয়াস শাহেদ ও বিথী তালুকদার।

দিনব্যাপী এ আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন।