বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রকে দ্রুত বদলে দিচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বিকাশ আধুনিক জ্ঞানচর্চা ও শিক্ষাব্যবস্থায় সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। এআই এখন আর তথ্যপ্রযুক্তি গবেষকদের গবেষণাগারে সীমাবদ্ধ নেই; এটি শিক্ষা, চিকিৎসা, প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে অপরিহার্য হয়ে উঠেছে। জ্ঞানভিত্তিক অর্থনীতির এই নতুন যুগে শিক্ষার্থী ও শিক্ষক উভয়কেই আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। তবে প্রযুক্তির কার্যকর ব্যবহারের পাশাপাশি এর ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের মৌলিক চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে স্থবির করে দিতে পারে।

অতীতে শিক্ষার প্রধান মাপকাঠি ছিল পাঠ্যবইয়ের তথ্য মুখস্থ করা এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। সেখানে শিক্ষকই ছিলেন তথ্যের প্রধান উৎস। কিন্তু ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারে সেই সনাতন ধ্যানধারণা আমূল বদলে গেছে। বর্তমান যুগে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে শিক্ষার্থীরা বৈশ্বিক গবেষণা, বৈজ্ঞানিক তথ্য ও বহুভাষিক বিশ্লেষণ হাতের নাগালে পেয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় কেবল তথ্য সঞ্চয় করার চেয়ে সেই তথ্যকে কতটা যৌক্তিকভাবে বিশ্লেষণ এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রয়োগ করা সম্ভব, সেটিই মুখ্য বিবেচ্য বিষয় হয়ে উঠছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের কারণে শিক্ষকের পেশাগত গুরুত্ব হ্রাস পাবে—এমন আশঙ্কার কোনো বাস্তব ভিত্তি নেই। বরং পরিবর্তিত পরিস্থিতিতে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এআই হয়তো পাঠপরিকল্পনা তৈরি, ক্লাস লেকচার সাজানো, প্রশ্নপত্রের খসড়া প্রস্তুত কিংবা শিক্ষার্থীর মেধা অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক পাঠদানে সহায়ক হতে পারে; কিন্তু একজন শিক্ষার্থীর মানবিক অনুভূতি, মানসিক অবস্থা, মূল্যবোধ ও নৈতিক দিকগুলো অনুধাবনের ক্ষমতা কোনো যন্ত্রের নেই। শিক্ষক কেবল তথ্য বিতরণকারী নন, বরং মানবিক মানুষ গড়ার কারিগর। ফলে ভবিষ্যতের শিক্ষকদের প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি মানবিক ও উদ্ভাবনী চেতনায় সমৃদ্ধ হতে হবে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে এআই হতে পারে একজন ব্যক্তিগত শিক্ষাসহকারী। জটিল কোনো বিষয় সহজভাবে বোঝা, গবেষণার রূপরেখা তৈরি কিংবা গাণিতিক সমস্যার ধাপভিত্তিক সমাধান বোঝার ক্ষেত্রে এটি চমৎকার একটি মাধ্যম। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আত্মসচেতনতা জরুরি। শিক্ষার্থী যদি নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাভাবনার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি উত্তর সরাসরি অ্যাসাইনমেন্টে ব্যবহার করে, তবে সাময়িক ফল মিললেও দীর্ঘমেয়াদে তার মেধার ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিছক উত্তর খোঁজার সহজ উপায় হিসেবে না দেখে প্রশ্ন তোলার ও জ্ঞানকে সমৃদ্ধ করার মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত। এটি মনে রাখা প্রয়োজন যে, এআই সব সময় নির্ভুল তথ্য দিতে পারে না; এতে বিভ্রান্তিকর তথ্য ও পক্ষপাতদুষ্ট বিশ্লেষণের ঝুঁকি থাকে। তাই অন্ধ নির্ভরতা পরিহার করে তথ্য যাচাই-বাছাইয়ের দক্ষতা অর্জন এবং নিজস্ব প্রজ্ঞার সঠিক প্রয়োগই আধুনিক শিক্ষাব্যবস্থায় সাফল্যের মূল চাবিকাঠি।