সবুজ পাতার ওপর হালকা বেগুনি, সাদা আর নীলাভ আভা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খাল, বিল, ডোবা ও উন্মুক্ত জলাশয়গুলোতে এখন ফুটেছে নয়নাভিরাম কচুরিপানা ফুল। দূর থেকে তাকালে মনে হয়, বিস্তীর্ণ জলরাশির বুকে প্রকৃতি যেন পরম যত্নে বিছিয়ে দিয়েছে রঙিন এক চাদর। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা জলজ এই উদ্ভিদের এমন বর্ণিল রূপ বর্তমানে মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্তের পথচারীদের।

সম্প্রতি কমলগঞ্জ পৌর এলাকা ও এর আশপাশের বিভিন্ন জলাশয়ে দেখা গেছে, সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা ফুলের শোভা দেখতে অনেকেই ক্ষণিক সময়ের জন্য থমকে দাঁড়াচ্ছেন। সব বয়সের মানুষই মুগ্ধ নয়নে উপভোগ করছেন এই প্রাকৃতিক দৃশ্য। কেউ কেউ মুঠোফোনে ফ্রেমবন্দি করছেন ফুটে থাকা ফুলের সৌন্দর্য, আবার অনেকে ফুলের সঙ্গে তুলছেন নিজস্ব ছবি। কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক ফুল ফোটার এই দৃশ্য সত্যিই অন্য রকম অনুভূতি তৈরি করে। পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য যেকোনো সৌন্দর্যপিপাসু মানুষকে আকৃষ্ট করে। কচুরিপানার ফুল বহু বছর ধরেই গ্রামীণ প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে মিশে আছে।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, কচুরিপানা একটি মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর মাংসল ও চকচকে সবুজ পাতার কেন্দ্র থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ফোটে আকর্ষণীয় ছয় পাপড়ির ফুল। অত্যন্ত দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত নিচু জলাশয় ও বদ্ধ পানিতে বেশি জন্মায়। তবে এর সৌন্দর্যের পাশাপাশি কিছু পরিবেশগত উদ্বেগের কথাও তুলে ধরছেন সচেতন ব্যক্তিরা। স্থানীয় পরিবেশকর্মী সালাউদ্দীন শুভর মতে, বর্তমানে এলাকার প্রায় সব জলাশয়ে কচুরিপানার ফুল ফুটলেও এর অতিরিক্ত বিস্তার জলজ বাস্তুতন্ত্র ও পানির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে ধানসহ নিচু আবাদি ফসলি জমিতে এর মাত্রাতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

কচুরিপানা কেবল নান্দনিক দৃষ্টিই জুড়ায় না, গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে এর রয়েছে বহুমুখী উপযোগিতা। দেশের বিভিন্ন এলাকায় ভাসমান ধাপে সবজি চাষের প্রধান উপকরণ হিসেবে এটি ব্যবহৃত হয়। এ ছাড়া শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার এবং গবাদিপশুর পুষ্টিকর খাদ্য হিসেবেও এর প্রচলন রয়েছে। তবে সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছে কৃষিজমির স্বাস্থ্য সুরক্ষায় কচুরিপানা থেকে উচ্চমানের জৈব সার তৈরির ক্ষেত্রে।

এ প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম জানান, দেশের অধিকাংশ আবাদি জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল ফলানো হলেও জমিতে প্রয়োজন অনুযায়ী জৈব সার প্রয়োগ করা হচ্ছে না। আদর্শ মাটিতে অন্তত ৫ শতাংশ জৈব পদার্থ থাকা প্রয়োজন হলেও বর্তমানে তা কমে ১ শতাংশেরও নিচে নেমে এসেছে। তিনি উল্লেখ করেন, জলাবদ্ধ স্থানের কচুরিপানাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি এবং মসলা আবাদ সম্ভব। পাশাপাশি পচিয়ে তৈরি করা কচুরিপানার জৈব সার জমিতে প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়বে, যা টেকসই কৃষি সম্প্রসারণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।