উচ্চশিক্ষাকে কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবন ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার একটি সমন্বিত মাধ্যম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মূর্তজা। সম্প্রতি একান্ত আলাপচারিতায় তিনি নতুন শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা, প্রতিষ্ঠানের শিক্ষাদর্শন এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা চালুর প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন।

ইউল্যাবের প্রাতিষ্ঠানিক দর্শন প্রসঙ্গে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ জনকল্যাণমূলক লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে বিশেষ উদ্যোগ রয়েছে। বর্তমানে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী তাদের যোগ্যতানুযায়ী ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় বা বৃত্তি সুবিধা পাচ্ছেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে আরও তিন শতাংশ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে শতভাগ বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার সহায়তার পাশাপাশি প্রয়োজনে আইনি সহায়তা দিতে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গেও যৌথ সমন্বয় রয়েছে। নারী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর থেকেই চালু করা হয়েছে ছাত্রীনিবাস এবং খুব শিগগিরই শিক্ষার্থীদের জন্য দেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ ডেডিকেটেড ‘স্টুডেন্ট সেন্টার’ গড়ে তোলা হচ্ছে।

প্রতিকূল পরিস্থিতি জয় করে আসা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক সামসাদ মূর্তজা বলেন, জীবনের কোনো একক পরীক্ষাই শেষ পরীক্ষা নয়; জীবনের প্রতিটি পদক্ষেপেই নিজেকে প্রমাণ করতে হয়। কেবল পরীক্ষার ফলাফল দিয়ে কোনো শিক্ষার্থীর মূল্যায়ন হওয়া উচিত নয়। ইউল্যাবে প্রতিটি শিক্ষার্থীকে সম্মান জানানোর পাশাপাশি তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, জীবনবোধ, সমালোচনামূলক চিন্তা এবং প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হয়। শুধু বিভাগীয় জ্ঞানের মধ্যে আবদ্ধ না রেখে ক্লাবের কার্যক্রম, গবেষণা, মাঠপর্যায়ের সাক্ষাৎকার গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করা হচ্ছে। তাঁদের লক্ষ্য হলো শিক্ষার্থীরা যাতে নিজ দেশের বিষয়ে গভীরভাবে অবগত থেকে বৈশ্বিক পরিমণ্ডলে যুক্ত হতে পারে এবং বিশ্বনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে নিজের ইতিবাচক অবস্থান ব্যক্ত করে তিনি জানান, এ নিয়ে ইউজিসির সঙ্গে আলোচনা হয়েছে। থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার মতো দেশগুলো গবেষণায় যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, তা ডক্টরাল ও পোস্ট-ডক্টরাল গবেষণার মাধ্যমেই সম্ভব হয়েছে। বাংলাদেশকে যদি কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠানোর দেশ হিসেবে না রেখে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে হয়, তবে উচ্চতর গবেষণার সুযোগ থাকা অপরিহার্য। কারণ শুধু স্নাতক পর্যায়ের শিক্ষা দিয়ে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ সম্ভব নয়।

তবে উচ্চতর ডিগ্রি চালুর ক্ষেত্রে কঠোর নজরদারি ও সতর্কতার বিষয়টিও তিনি জোর দিয়ে তুলে ধরেন। অধ্যাপক ড. সামসাদ মূর্তজার মতে, ঢালাওভাবে সবাইকে এই সুযোগ দিলে বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি বা সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠানে রূপ নিতে পারে—এমন আশঙ্কা অমূলক নয়। তাই উচ্চশিক্ষার মান রক্ষায় একটি ভারসাম্যমূলক ব্যবস্থা ও সুস্পষ্ট নিয়ন্ত্রণ থাকা দরকার। এ ক্ষেত্রে মান নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি কার্যকর তদারককারী সংস্থা হিসেবে কাজ করতে পারে অথবা যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে গবেষণার আন্তর্জাতিক মান নিশ্চিত করা যেতে পারে।