বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে এক বিশাল পরিবর্তন এনেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে তীব্র ভর্তি প্রতিযোগিতা ও সীমিত আসনের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিকল্প হিসেবে এসব প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছেন। শুধু একটি কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জনই নয়, বরং নির্ধারিত সময়ে পড়ালেখা শেষ করা, সেশনজটমুক্ত শিক্ষাজীবন এবং কর্মসংস্থানের উন্নত সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থীরা ঝুঁকছেন বেসরকারি উচ্চশিক্ষায়। রাজধানী ছাড়াও বিভাগীয় ও জেলা শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পরও অনেক শিক্ষার্থী এখন পছন্দের বিষয় এবং আধুনিক সুবিধার কারণে মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৫০তম বার্ষিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, দেশে অনুমোদিত ১১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৩টিতে পুরোদমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিদ্যাপীঠে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪ জন। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০ এবং বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থী রয়েছেন ৮২৬ জন। অন্যদিকে বিষয়ভিত্তিক পছন্দ বিশ্লেষণে দেখা যায়, শিক্ষার্থীদের বড় অংশই কারিগরি ও ব্যবসায় শিক্ষার দিকে ঝুঁকছেন। ইউজিসির পূর্ববর্তী একটি পরিসংখ্যান অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে এবং প্রায় ২৩ শতাংশ শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগে পড়াশোনা করছেন। এছাড়া আইন ও ফার্মেসির মতো পেশাভিত্তিক বিভাগগুলোতেও উল্লেখযোগ্য শিক্ষার্থী রয়েছেন।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব ও আন্তর্জাতিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তার মতো যুগোপযোগী বিষয়গুলোর অন্তর্ভুক্তি বাড়ছে। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যেন বাস্তব কর্মক্ষেত্রে সরাসরি কাজে লাগে, সেজন্য চালু করা হচ্ছে আউটকাম বেজড এডুকেশন বা ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই অগ্রযাত্রায় শিক্ষকদের যোগ্যতাও বড় ভূমিকা রাখছে। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম প্রভাত বাংলাকে জানান, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শিক্ষকদের অনেকেই উত্তর আমেরিকার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী। ফলে তরুণ প্রজন্ম আন্তর্জাতিক মানের শিক্ষাদান পদ্ধতির সুবিধা পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তাদের চাকরি ছেড়ে বাইরে যেতে না হয়। পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বেসরকারি উচ্চশিক্ষায় যুক্ত করার প্রক্রিয়া চলছে।
তবে সম্ভাবনার পাশাপাশি কিছু গুরুতর সংকটও বিদ্যমান। উচ্চশিক্ষার সনদ থাকলেও কর্মক্ষেত্রের বাস্তব দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী বেকার থাকছেন। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায়োগিক দক্ষতার ঘাটতির কারণে দেশের আইটি খাতের প্রায় ৪০ শতাংশ পদ খালি পড়ে থাকছে। অন্যদিকে পর্যাপ্ত যোগ্যতা না থাকায় অনেক স্নাতক ডিগ্রিধারী চাকরি পাচ্ছেন না। এই শূন্যতা পূরণে বিশ্ববিদ্যালয়গুলোতে কেবল তাত্ত্বিক শিক্ষা নয়; বরং বাধ্যতামূলক ইন্টার্নশিপ, বাস্তবমুখী প্রজেক্ট, ল্যাবরেটরি গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সহযোগিতামূলক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এখনো সমপর্যায়ের নয়। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্থায়ী শিক্ষক, আধুনিক গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি ও নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ঘাটতি রয়েছে। ইউজিসি সচিব জানিয়েছেন, যেসব বিশ্ববিদ্যালয় এখনো মধ্যম সারিতে রয়েছে, সেগুলোকে প্রথম সারিতে উন্নীত করার সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা এবং ইন্টার্নশিপকে প্রতিটি বিভাগের জন্য বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

