ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের ২৬তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির নেতা মাতান কাহানা। ভোটাভুটিতে তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের আমির ওহানাকে পরাজিত করে এই পদে আসীন হন। সংসদীয় নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য আলাদাভাবে আয়োজিত ভোটে মাতান কাহানার পক্ষে সমর্থন দেন ৬৬ জন আইনপ্রণেতা। অন্যদিকে লিকুদ পার্টির প্রার্থী ও ক্ষমতাসীন জোটের হুইপ ওফির কাটজ পান ৫২ জন এমপির ভোট।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই নির্বাচনকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের প্রথম বড় ধরনের কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি ও উগ্র-অর্থোডক্স জোট মাত্র ৫৩টি আসন পায়। বিপরীতে বিরোধী দলগুলো পায় ৬৭টি আসন, যার মধ্যে চারটি ইহুদি দলের ৪৮টি এবং দুটি আরব দলের (যৌথ তালিকা ও রাম) রেকর্ড ১৯টি আসন রয়েছে।
নতুন সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের পক্ষ থেকে আইজেনকোটকে দায়িত্ব দেওয়ার পর তিনি চার সপ্তাহের বেশি সময় পাচ্ছেন। যদিও সরকার গঠনের পথটি বেশ জটিল, তবুও পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন, গুরুত্বপূর্ণ পদ এবং আইন প্রণয়নের নিয়ন্ত্রণ এখন বিরোধীদের হাতে। আইজেনকোট জানিয়েছেন, কাহানার জয় একটি যথাযথ গণতান্ত্রিক পদক্ষেপ, যা পরিবর্তনের পক্ষে জনগণের নিরঙ্কুশ রায়ের প্রতিফলন। ইতোমধ্যে অর্থ ও প্রতিরক্ষা কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোর অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগ করেছে বিরোধী শিবির। পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির দায়িত্বে আসা দল 'ইসরায়েল বেইতেনু'র নেতা আভিগদোর লিবারম্যান খুব দ্রুত দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের তলব করার ঘোষণা দিয়েছেন।
নতুন এই নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০২৩ সালে নেতানিয়াহু সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার বাতিল করা, যা দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভের জন্ম দিয়েছিল। সমালোচকদের মতে, ওই সংস্কার দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারের ওপর আদালতের নজরদারিকে খর্ব করেছিল। এছাড়া বিচারক নিয়োগ প্রক্রিয়া আগের অবস্থায় ফিরিয়ে আনা, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্বকারী আইন বাতিল এবং সংবাদমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমাতে একাধিক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগও নিচ্ছে নতুন এই বিরোধী ঐক্য, যা নেতানিয়াহু দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন।
এদিকে কাহানার নির্বাচন ঠেকাতে লিকুদ পার্টি ও তাদের মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালায়। আরব দলগুলোর সমর্থনে তিনি বিজয়ী হয়েছেন অভিযোগ তুলে অধিবেশন কক্ষে তীব্র হট্টগোল করেন নেতানিয়াহুর সমর্থকরা। ভোট দেওয়ার সময় আরব আইনপ্রণেতাদের লক্ষ্য করে 'লজ্জা' বলে চিৎকার করা হয়। নির্বাচনের ফল প্রকাশের পর লিকুদ পার্টি এটিকে নেসেটের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করে। তবে স্পিকার নির্বাচনে জয় পেলেও সরকার গঠনের পথে আইজেনকোটের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
আইজেনকোট একটি সংখ্যালঘু "জাতীয় জরুরি সরকার" গঠন করতে চান, যা কেবল ইহুদি দলগুলো নিয়ে গঠিত হবে এবং বাইরে থেকে আরব দলগুলো সংখ্যাগরিষ্ঠতার সুরক্ষা দেবে। কিন্তু জোটের অন্যতম শরিক লিবারম্যান আরবদের ওপর নির্ভরশীল সরকারের ঘোর বিরোধী এবং তিনি নেতানিয়াহুর পুরোনো মিত্র উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতা চাইছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট লিকুদ পার্টির সঙ্গে একটি জাতীয় ঐক্যমতের সরকারের পক্ষে হলেও নেতানিয়াহুর প্রধানমন্ত্রী থাকার শর্ত থাকায় তা এখনো অনিশ্চয়তায় ঘেরা।

